ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশের ক্রিকেটাররা যেমন কোচ চান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ১ জুন ২০২০
বাংলাদেশের ক্রিকেটাররা যেমন কোচ চান
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। এর আগে সবশেষ দুজন কোচের কাছে থেকে দুই রকম অভিজ্ঞতা পেয়েছেন ক্রিকেটাররা। নতুন কোচ আসার কিছুদিন পরই করোনাভাইরাসের থাবায় থেমে গেছে মাঠের ক্রিকেট। বসে থাকা সময়ে নানা বিষয়ে নিজেদের পছন্দ-অপছন্দের কথা জানিয়েছেন ক্রিকেটাররা। এবার পছন্দের কোচের গুণাবলি সম্পর্কে ধারণা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। 

রাসেলের আগে কোচ হিসেবে দায়িত্ব পালন করা স্টিভ রোডস ছিলেন অনেক নরম প্রকৃতির। আবার তার আগের কোচ চন্দিকা হাথুরুসিংহে ছিলেন কঠিন প্রকৃতির কোচ। সৈকত মনে করেন, কোচদের খুব কঠিন বা কোমল কোনোটাই হওয়া যাবে না। জাতীয় দলের ক্রিকেটাররা চান কোচের মধ্যে সব বৈশিষ্ট্যেরই মিশ্রণ থাকবে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৈকত বলেন, ‘কোচকে একদম কোমল হলেও হবে না, আবার একদম কড়া হলেও হবে না। যখন যেটা দরকার তখন তেমন হওয়া উচিত। শুধু কড়াই থাকবে, চিল্লাচিল্লি করবে সেটা দলের জন্য ভালো নয়। আবার একদম কোমল মানুষ যার মধ্যে কড়া ভাবই নেই, এমন কোচও দলের জন্য ভালো হবে না।’ 

ঘন ঘন কোচ পরিবর্তন অনেক দলের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে। তবে অল্প সময়ে দুজন কোচ চলে গেলেও পঞ্চপান্ডব থাকার কারণে দলের ওপর খারাপ প্রভাব পড়েনি বলে মনে করেন সৈকত। 

তিনি বলেন, ‘একটা কোচ যখন অনেকদিন একটা দলের সঙ্গে থাকে তখন সে দলের শক্তির জায়গা, দুর্বলতা সব সহজে বুঝতে পারে। আমরা ভাগ্যবান বলতে পারি। কারণ একটা কোচ যাওয়ার পর যে ধাক্কাটা আসে তা আমাদের এখানে আসেনি। আমাদের যেমন পাঁচজন সিনিয়র ক্রিকেটার আছেন এরকম অন্য কোনো দেশে নেই। এটা আমাদের বাড়তি পাওয়া।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!