এসএ গেমসে পদকহীন যেসব ফেডারেশন
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে ত্রয়োদশ এসএ গেমসের। আগের যেকোনো আসরের চেয়ে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্বর্ণজয়ে ভেঙ্গেছে নিজেদের আগের সব রেকর্ড। মোট পদক জিতেছে ১৪২টি। তবে এই সাফল্যের ভীড়েও আছে ব্যর্থতার গল্প।
এবার সবমিলিয়ে ৬টি খেলা বা ডিসিপ্লিনে ১৯টি স্বর্ণ পদক লাভ করেছে অ্যাথলেটরা। এগুলো হলো ক্রিকেট, আর্চারি, কারাতে, ভারোত্তোলন, তায়কোয়ান্দো ও ফেন্সিং। তবে এর বাইরে অনেক ফেডারেশনই ছিল, যারা জিততে পারেনি ন্যুনতম একটি পদকও!
সবমিলিয়ে এবারের আসরে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯টা স্বর্ণ, ৩৩টা রৌপ্য ও ৯০টি ব্রোঞ্জসহ সর্বমোট ১৪২টি পদক বাংলাদেশের ঝুলিতে। তবে এর মাঝে শুধু আর্চারি থেকেই এসেছে দশটি স্বর্বপদক। বাকী ২৪ ডিসিপ্লিন থেকে মাত্র নয়টি স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। কারাতে থেকে তিনটি, ক্রিকেটে দুটি, ভারোত্তোলনে দুটি, ফেন্সিং ও তায়কোয়ান্দো থেকে এসেছে একটি করে স্বর্ণ।
এমন অবস্থায় সাত দেশের এই আসরে বাংলাদেশের হয়ে একটা পদকও পায়নি এমন তালিকাটাও নেহাত ছোট নয়। ত্রয়োদশ এসএ গেমস থেকে একেবারে শূন্য হাতে দেশে ফিরেছে পাঁচটি ফেডারেশন। এগুলো হলো বাস্কেটবল, ভলিবল, সাইক্লিং, লং টেনিস ও স্কোয়াশ।
দুটি ব্রোঞ্জ পদক মিলেছে টেবিল টেনিস থেকে। একটি করে ব্রোঞ্জ পদক পেয়ে দেশে ফিরেছে হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও ফুটবল। দেশের জনপ্রিয় ফুটবল ইভেন্টে শেষ মূহুর্তে নারী দল পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আশা জাগিয়েও হতাশা নিয়ে দেশে ফিরেছে জামাল ভূঁইয়ারা।
দশদিনব্যাপী চলা এই এসএ গেমসের জন্য অন্তত ছয়মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছিল ফেডারেশনগুলো। তবুও কিছু ফেডারেশনের একবারে শূন্য হাতে ফেরা অ্যাথলেটিকসের জন্য অনেকটাই হতাশার।