স্ত্রী নির্যাতন মামলায় ক্রিকেটার শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
স্ত্রী নির্যাতন মামলায় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত। সোমবার ওই মামলার শুনানিতে শামি উপস্থিত না হওয়ায় বিচারক এই নির্দেশ দেয়।
বেশ কয়েক মাস ধরে স্ত্রী হাসিন জাহানের করা অভিযোগের ভিত্তিতে মামলা চলছে আলিপুর এসিজেএম আদালতে। শামি এখন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এ দিন ক্রিকেটারের আইনজীবী আদালতে সে কথা জানান। তারপর বিচারক ১৫ দিন সময় দেন আত্মসমর্পণের জন্য। এ দিন থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে আদালত।
যদিও আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন হাসিন জাহান। তার বক্তব্য, এই ১৫ দিন সময় পেয়ে শামি আবার জামিন পেয়ে যাবেন। হাসিন বলেন, আমি বুঝলাম না আদালত কী নির্দেশ দিল। ও তো আবার জামিন পেয়ে মেয়েবাজি করবে!
শামি এবং হাসিনের দাম্পত্যকলহ নতুন ঘটনা নয়। কয়েক মাস আগে উত্তরপ্রদেশে শ্বশুরবাড়িতে গিয়ে হাঙ্গামা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হাসিন। গত ২৯ এপ্রিল গভীর রাতে মেয়ে বেবো ও পরিচারিকাকে নিয়ে উত্তরপ্রদেশের আলিনগরের সহসপুরে শামির বাড়িতে গিয়ে উপস্থিত হন হাসিন। তারপরেই জোর করে বাড়িতে ঢুকতে যান তিনি। হাসিন বাড়িতে ঢোকার চেষ্টা করলে শামির মা ও দাদা তাকে বাধা দেয়ার চেষ্টা করেন। এরপর তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। ধীরে ধীরে তা বাড়তে থাকে। তাদের চিৎকারে পাড়া প্রতিবেশী এসে হাজির হয় সেখানে। তাদের সঙ্গেও কথা কাটাকাটি শুরু হয় হাসিনের। এরপরেই আমরোহা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন আমরোহা থানার পুলিশ।
পুলিশের সামনে শামির মা অভিযোগ করেন, তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করেন হাসিন। এমনকী তাকে শারীরিকভাবে নিগৃহ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন শামির মা। তার অভিযোগের পরেই ১৫১ নম্বর ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনও পেয়ে যান।
শামির সঙ্গে একাধিক নারীর সম্পর্ক আছে, এই অভিযোগ বহু জায়গায় তুলেছেন হাসিন। পেশায় মডেল হাসিন কয়েক মাস আগে বলেন, তার হাতে টাকা নেই। মেয়ের পড়াশুনার খরচ চালাতে পারছেন না। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়ে ভিক্ষে করার কথাও বলেন তিনি। শামির টিকটক অ্যাকাউন্টে ৯০ জন নারী থাকা নিয়েও তাকে ‘লাফাঙ্গা’ বলেন হাসিন। ক্রিকেটারের বেডরুমের ঝগড়া অনেকদিন আগেই রাস্তায় নেমে এসেছিল। এবার আইনি জটিলতার মুখোমুখি চূড়ান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার।
ডেইলি বাংলাদেশ/জেএইচ