ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্পেনে রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১৫ জানুয়ারি ২০২০
স্পেনে রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলে একটি রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আটজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির তথ্যানুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লা ক্যানোনজা শহরের কিমিকাস দেল অক্সিদো দে এতিলেনো কারখানায় বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে ।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে, দক্ষিণ তারাগোনা এলাকায় একজন এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া ওই বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়েছে। রাসায়নিক দুর্ঘটনার কারণে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে ধারণা করছে তারা।

প্রথমদিকে কর্তৃপক্ষ লোকজনের নিজেদের বাড়ি-ঘরেই অবস্থানের আহ্বান জানায়। পরে অবশ্য বলা হয় যে, বিষাক্ত কোনো পদার্থ ছড়িয়ে পড়েনি।

কাতালোনিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করেছেন ডজনখানেক দমকল কর্মী। রাসায়নিক বিস্ফোরণের কারণে কাছাকাছি একটি ভবন ধসে পড়ে। সেখান থেকেই নিহত একজনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে দু'জন মারাত্মক দগ্ধ হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!