সমুদ্রে তলিয়ে যাওয়া থেকে দুই যুবককে রক্ষা করলো ‘মানবচেইন’
সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এমন সময় সব চেষ্টাকে ব্যর্থ করে তাদেরকে উদ্ধার করলো ৩০ জনের একটি 'মানবচেইন'। সম্প্রতি এমন বিরল একটি ভিডিও ‘কমপেরাবল’ নামে ইউটিউব চ্যানেলে গত ২৩ আগস্ট প্রকাশিত হয়। এক পর্যটকের ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে।
বিবিসির একটি প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডের ডোরসেট সৈকতে এ ঘটনা ঘটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঢালু সৈকতে অনেকেই নিরাপদ জায়গায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিচ্ছেন। তারই মাঝে এক ব্যক্তি হয় অসাবধানতায় অথবা একটু বেশি গভীরে যাওয়ার ইচ্ছায় নিজেরই বিপদ ডেকে আনেন। দেখা যায় ওই ব্যক্তি পাড়ের দিকে ফিরতে চেয়েও পারছেন না। একে সমুদ্রের ঢেউ, তার উপর সেই সময় প্রায় ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইছিল। ফলে তার নিঃশ্বাস আটকে যায়।
তবে এই দৃশ্য দেখে অন্যরা ততক্ষণে বুঝতে পারেন যে ওই ব্যক্তি বিপদে পড়েছেন। পরে তারা এবার সাহায্যের উদ্যোগ নেন। কিন্তু এর মাঝেই একজন তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তিনিও ব্যর্থ হন, হাবুডুবু খেতে থাকেন। এবার দুইজনকে উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে।
পাড় থেকে লাইফগার্ডের দড়ি দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা হয়। কিন্তু সব চেষ্টাই বৃথা যায়। শেষে সৈকতে প্রায় ৩০ জন মিলে মানববন্ধন তৈরি করেন। ঢেউয়ের সঙ্গে লড়াই করে আস্তে আস্তে এগিয়ে গিয়ে তারা উদ্ধার করে আনেন ওই দুই ব্যক্তিকে।