ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমস্যায় জর্জরিত ফেনী সরকারি কলেজ

আবদুল্লাহ আল মামুন, ফেনী
প্রকাশিত: ১৬:০৩, ২৮ নভেম্বর ২০১৯
সমস্যায় জর্জরিত ফেনী সরকারি কলেজ
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষক-পরিবহন সঙ্কট, শ্রেণিকক্ষ-আবাসন স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ।

১৯২২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য প্রয়োজন ১৫২ জন শিক্ষক। অথচ সবমিলিয়ে ৭৩টি পদের মধ্যে ১০টিই শূন্য। এসব কারণে স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগের শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ।

জানা গেছে, নিয়মিত কলেজেই আসেন না কয়েকটি বিভাগের প্রধান। তারা থাকেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষীপুরে।

Advertisement

শিক্ষার্থীরা জানান, ফেনী সরকারি কলেজে আবাসনের পাশাপাশি পরিবহন সুবিধাও নেই। বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে নেই প্রদর্শক ও গবেষণাগার।

ফেনী সরকারি কলেজ

সরেজমিনে দেখা গেছে, ৯৭ বছরের পুরানো এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ থাকলেও নানাবিধ সমস্যার কারণে থমকে আছে শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষ এসব সমস্যার বিষয়ে জানলেও সমাধানে কোনো পদক্ষেপ নেই।

ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. হুমায়ূন কবির বলেন, বাংলা বিভাগের প্রায় আট হাজার শিক্ষার্থীর জন্য ১২ জন শিক্ষক প্রয়োজন। অথচ পদ আছে ছয়টি, আর কর্মরত আছেন তিনজন। ক্লাস নিয়ে হিমশিম আমাদের খেতে হচ্ছে।

কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কলেজের এসব সমস্যার সমাধান হচ্ছে না। ভবন ও শ্রেণিকক্ষ সংকটের কারণে একটি পরিত্যক্ত ভবনে পাঠদান করা হয়।

কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল বলেন, একেডেমিক ও বিজ্ঞান বিভাগের গবেষণাগারের জন্য আলাদা ভবন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষ-আবাসন সমস্যা লাঘব হবে। শিক্ষার মান বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!