ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

নিমিষেই দূর করুন ঘাড়ের কালো দাগ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২৫ সেপ্টেম্বর ২০১৯
নিমিষেই দূর করুন ঘাড়ের কালো দাগ
ফাইল ছবি

অনেকেরই হাত পা আর ঘাড়ের রং কালো হয়ে থাকে। মুখের তুলনায় এই অংশের দাগগুলো খুবই বাজে লাগে দেখতে। অনেকের আবার ঘাড়ে কালো দাগ বেশি দেখা যায়। এ কারণে অস্বস্তিতে পড়তে হয়।

সূর্যরশ্মি ও বয়সবৃদ্ধি ঘাড়ের ত্বকে দাগ পড়ার প্রধান কারণ। এছাড়াও জিনগত কারণ, ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, স্বাস্থ্যবিধি না মানা, হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া ইত্যাদি কারণে ঘাড়ের ত্বক কালো হতে পারে।

তবে সহজ কিছু উপায়ে ঘাড়ের এই বিশ্রী কালো দাগ দূর করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক ঘাড়ের দাগ দূর করার সেই কার্যকরী উপায়গুলো-

লেবুর রস
যেকোনো কালো দাগ দূর করতে লেবুর রসের বিকল্প নেই। লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। নিয়মিত লেবুর রস ব্যবহারে যেকোনো কালো দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায়। ঘাড়ের কালো দাগ দূর করার জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে ঘাড়ের কালো দাগে মেখে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এভাবে এক মাস ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন।

অ্যালোভেরা
অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বক ময়েশ্চারাইজ করে। এর অ্যান্টি অক্সিডেন্ট ত্বক মেরামত করে এবং নতুন কোষ সৃষ্টিতে সাহায্য করে। অ্যালোভেরার পাতা থেকে তাজা জেল নিয়ে ঘাড়ের ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন এটা করুন।

শসা
কিছু শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস সম্পূর্ণ ঘাড়ে ম্যাসাজ করে লাগান। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া সমপরিমাণ শসা এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। একটি তুলোর বল এই মিশ্রণে ভিজিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কাঠবাদাম
মজাদার কাঠবাদাম দূর করে দেবে ঘাড়ের কালো দাগ। আধা চা চামচ বাদামের গুঁড়া, এক চা চামচ গুঁড়া দুধ এবং এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ঘাড়ে ব্যবহার করুন। আধা ঘন্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে চারবার ব্যবহার করুন।

এছাড়া বাদাম তেল কিছুটা গরম করে নিন। এই তেলটি ঘাড়ে চক্রাকারে ম্যাসাজ করুন কিছুক্ষণ। এটি প্রতিদিন করুন। আরো একটি উপায় হলো- পাঁচটি কাঠবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রেখে দিন। সকালে বাদামগুলো পিষে পেস্ট করে ঘাড়ে লাগিয়ে কয়েক মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুই দিন এটা করুন।

বেকিং সোডা
ত্বকের কালো দাগ দূর করার জন্য বেকিং সোডা একটি ভালো এক্সফলিয়েন্ট। বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ঘাড়ে লাগান। এভাবে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!