ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুফতি রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও কোনো সরকার এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মুক্তি নিশ্চিত করতে ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলদের প্রার্থী হওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকদের আদর্শিকভাবে গড়ে তোলা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করছে। দেশে চাঁদাবাজি বন্ধ করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দেশব্যাপী চাঁদাবাজির কারণে সরকারের প্রতি মানুষের তিক্ততা তৈরি হয়েছে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এসব সমস্যার সমাধান ও দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/একেকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!