সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলা বিরল প্রজাতির এই মহিষটি কেজি দরে বিক্রিও হয়ে গেছে।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে গত ১০ মাস ধরে বেশ যত্ন করে লালন-পালন করা হয়েছে এই মহিষটিকে। অদ্ভুত নাম আর ভিন্ন রঙের কারণে খামারটিতে এখন উৎসুক জনতার বেশ ভিড়।
জানা যায়, থাইল্যান্ডের অ্যালবিনো জাতের গোলাপি রঙের এই মহিষটি রাজশাহীর একটি হাট থেকে কিনে আনা হয়েছিল। এর ওজন ৭০০ কেজির বেশি। মহিষটির মাথার সামনের দিকে সিঁথি করা লম্বা চুল থাকায় দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে। তাই আদর করে মহিষটির এমন নাম রাখা হয়েছে। সুঠাম দেহের এই মহিষকে ঘিরে সবার কৌতূহল।
মহিষ সাধারণত কালো রঙের হলেও বিরল প্রজাতির এই মহিষটির পুরো শরীরের রং হালকা গোলাপি। এর চাহনিতেও রয়েছে অন্যরকম মায়া।
.png)
খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন সকাল থেকে নিয়মমাফিক খাবার খাওয়ানো, গোসল করানো ও স্বাস্থ্য পরীক্ষাসহ নানাভাবে এর যত্ন নিচ্ছেন ৪-৫ জন কর্মচারী। দেশি গরুর মতোই সবুজ ঘাস, ভুট্টা, ভুসি, সয়াবিন, খৈল, ধানের কুঁড়া ও খড়সহ প্রাকৃতিক সব ধরনের খাবার খেতে পছন্দ করে এটি। পুরো শরীর বড় লোমে ভরা থাকলেও এটি উগ্র নয়, বরং বেশ শান্ত স্বভাবের; চলাফেরাতেও রয়েছে রাজকীয়ভাব।
খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথাভর্তি একরাশ চুল থাকায় তার ভাই এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পান এবং এই নাম রাখেন। দেড় মাস আগে ঢাকার এক ব্যক্তি কোরবানির জন্য মহিষটি কিনে নিয়েছেন। কোরবানির জন্য তিনি হয়ত মহিষটিকে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকায় নিয়ে যাবেন। এখন অনেকেই আরও বেশি দাম দিয়ে কেনার আগ্রহ প্রকাশ করছেন। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ এরইমধ্যে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে।