ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ কৃষি ও প্রকৃতি ]

বাঙ্গি চাষে মুখে হাসি

এস এম মুর্শিদ,পিরোজপুর
প্রকাশিত: ১৭:০৯, ১৩ এপ্রিল ২০১৮
বাঙ্গি চাষে মুখে হাসি

যে দিকে দু’চোখ যায় সে দিকে কেবলই দিগন্ত জোড়া মাঠে সবুজ-হলুদের সংমিশ্রনে চৈত্রের বাহারি মৌসুমি ফল বাঙ্গি (ফুটি) সমারোহ। প্রায় সাড়ে তিন মাস নিবিড় পরিচর্যার পর মাঠে মাঠে এখন চলছে কৃষাণ-কৃষাণীদের বাঙ্গি তোলার হিড়িক। বাঙ্গি চাষীদের চোখ-মুখে এখন তাই হাসির ঝিলিক। তারা সহাস্যেই বলছেন, এবছর কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেয়ায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় বাঙ্গির ইপ্সিত উৎপাদন করতে পেরেছেন তারা। এ কারণে অতুলনগরের কৃষাণ-কৃষাণীরা খুশীতে আত্মহারা-উজ্জীবীত।

উৎপাদিত ফসল নিয়ে আশায় বুক বেঁধে আছেন চাষীরা, হয়ত এ বছর তারা ভাল লাভের মুখ দেখবেন। এনজিও থেকে আনা চড়া সুদের ঋনের বোঝাও তাই সহজেই মেটাতে পারবেন। কিন্তু উৎপাদিত বাঙ্গির আশানুরূপ দর না পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত রয়েছেন তারা।

বাঙ্গি চাষী বাশার সেখ (৪৫) জানান, উৎপাদিত বাঙ্গি দ্রুত রফতানি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তারা খরচ পুষিয়ে অন্যত্র বিক্রি করতে পারছেন না। এ কারণে অনেক ফসল ক্ষেতেই নষ্ট হওয়ার উপক্রম।

Advertisement

স্থানীয় বাজারে মৌসুমের শুরুতেই বাঙ্গির দাম ভাল পেলেও তিন-চার সপ্তাহের মধ্যে সে দাম দ্রুত হ্রাস পেতে শুরু করে বলে জানান ওই চাষী। বর্তমানে স্থানীয় বাজারে বড় আকারের বাঙ্গির দাম ৮০-৯০ টাকা, মাঝারি একটির দাম ৬৫-৭০ এবং ছোট একটির দাম ৫০-৫৫ টাকা।

উপজেলা কৃষি অফিসার দিগ্বিজয় হাজরা বলেন, উত্তরের জনপদ নাজিরপুরে চলতি মৌসুমে প্রায় ১০০ একর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে।

কেবল অতুলনগর গ্রামেই চাষ হয়েছে ব্যাপক। উৎপাদনও এ বছর বেশ ভাল। তার মতে, এখানকার পরিবেশ ও বেলে দো-আঁশ মাটির কারণে বাঙ্গির চাষ অত্যন্ত উপযোগী, যে কারণে প্রতিবছর এ এলাকায় জনপ্রিয় ফসলে পরিণত হচ্ছে বাঙ্গি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, আমি নিজে বাঙ্গির ফলন দেখতে গিয়েছি। সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য। বাঙ্গির বাম্পার ফলন দেখে মন জুড়িয়ে যায়। কৃষকদের বলেছি যে কোনো ধরনের সহযোগিতা দেয়ার জন্য আমরা প্রস্তুত।

আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, জেলার নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় মাটি ফসল উৎপাদনের জন্য উপযোগি। কৃষকরা একটু পরিশ্রমী হলে বহুমুখী ফসল উৎপাদন করে তারা আরো বেশি সফল হতে পারে। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ বাঙ্গি ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক বলে তিনি জানান।

ডেইলি বাংলাদেশ/আজ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!