ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মাছ রপ্তানিতে মানের সঙ্গে আপস নয়: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৮ অক্টোবর ২০২৬
মাছ রপ্তানিতে মানের সঙ্গে আপস নয়: মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়ানো ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তন ও অসচেতনতার কারণে হুমকির মুখে পড়া প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় চলতি বছর থেকেই বড় বাজেট নিয়ে কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের সফল গবেষণার ফলেই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান ও খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন এবং মানুষের অসচেতনতার কারণে প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংসের মুখে পড়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এ সংকট মোকাবিলায় চলতি বছর থেকেই বড় ধরনের বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশি মাছের প্রজনন, জাত উন্নয়ন এবং হারিয়ে যেতে বসা প্রজাতি পুনরুদ্ধারে গবেষণা আরও জোরদার করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, মাছের রোগ প্রতিরোধ এবং মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করতে হবে।

উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর উপাদানযুক্ত খাদ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাছ রপ্তানির বিষয়ে তিনি বলেন, আগামী দিনে বিদেশে পর্যাপ্ত মাছ রপ্তানির লক্ষ্য রয়েছে সরকারের। তবে রপ্তানির ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক ড. মো. আমিরুল ইসলাম। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএফআরআইয়ের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!