রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পুল গঠন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের মধ্যে এ জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও সময়মতো চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের হাসপাতালে যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরের মধ্যেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ১৯ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালগুলোকে ৩১ ও ৫০ শয্যায় উন্নীত করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
মন্ত্রী জানান, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া আরও সহজ হবে।
নারী ও শিশুস্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৫১ শয্যার হাসপাতালগুলোতে ১০টি ডায়ালাইসিস বেড, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০টি শয্যা রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নারী ও পুরুষদের জন্য ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টারও থাকবে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কিছু অনিয়ম ও ত্রুটি পাওয়া গেছে। বিষয়গুলো সংশ্লিষ্টদের জানিয়ে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।