অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামানকে বিদায় সংবর্ধনা
প্রায় ২৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মনিরুজ্জামান। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মো. মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি মনিরুজ্জামানের অবসর-পরবর্তী পারিবারিক জীবনের সুখ ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চান।
মো. মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর সর্বশেষ তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন।
কর্মদক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ছয়টি আইজিপি ব্যাজ অর্জন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন দুইবার।
ব্যক্তিজীবনে মো. মনিরুজ্জামান বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী তাপতুন নাসরীন পুলিশ সদর দপ্তরে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত রয়েছেন।