অপকর্মে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না: এ্যানি
মাদক, নারীঘটিত অপরাধ ও অন্যান্য অপকর্মে জড়িত নেতাদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, লক্ষ্মীপুরে যুবদলের নেতৃত্বে সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে। লোহালক্কড় নিয়ে রাজনীতি করার সুযোগও আর থাকবে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে মাদক, নারীঘটিত অপরাধ কিংবা অন্য কোনো অপকর্মে জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে ভালো মানুষকে দায়িত্ব দেওয়া হবে। কেউ যুবদলের নেতা পরিচয়ে লোহালক্কড় নিয়ে চলাফেরা বা এ ধরনের রাজনীতিতে জড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িত হয়ে কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে মিলে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে বিএনপির রাজনীতিতে তার কোনো সুযোগ থাকবে না।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।