ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ১৭ অক্টোবর ২০২৬
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ফাইল ছবি

সৌদি আরবে চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করছে বিমান। এ ব্যবস্থা রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। অন্যদিকে, যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!