ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শেখ হাসিনাকে ফেরানোর সময়সীমা নেই: ভারত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর সময়সীমা নেই: ভারত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং ভারত সেই প্রক্রিয়াকে সম্মান করেই কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে নিয়ে যেতে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়েছিল।

Advertisement

তিনি বলেন, ওই সময়ের পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত ছিল না। ফলে বিকল্প কোনো পরিস্থিতি নিয়েও তখন পরিকল্পনা করার সুযোগ ছিল না।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোন দিকে যেত, তা বলা কঠিন ছিল।

এদিকে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

দুই দেশের বিভিন্ন সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধানের পথ বের করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!