ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৬, ২০ মার্চ ২০২৬
ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ফাঁকা হয়ে পড়ায় চুরি-ছিনতাই ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ত রাজপথগুলো এখন প্রায় যানশূন্য। ঢাকা শহরের চিরচেনা যানজট ও কোলাহল নেই, আবাসিক এলাকাগুলোতেও নেমে এসেছে নীরবতা। কারণ ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে ফিরেছেন বিপুল সংখ্যক মানুষ।

বিশেষ করে বাণিজ্যিক এলাকা মতিঝিল ও দিলকুশাতে এখন একেবারেই সুনসান পরিবেশ।

Advertisement

ডিএমপি সূত্র জানায়, ঈদ উপলক্ষে এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে ফাঁকা শহরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যাওয়ায় আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা জোরদার করা হয়েছে।

রাজধানীর প্রতিটি থানা এলাকাকে ছোট ছোট বিটে ভাগ করে নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহলও বাড়ানো হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, যেসব এলাকায় আগে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলোতে নিয়মিত ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। পূর্বে অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান চলছে।

এদিকে ফাঁকা রাস্তায় বেপরোয়া যান চলাচল ঠেকাতে ৩০০ ফিট সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও প্রাইভেটকারের অবৈধ রেসিং নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরো জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সার্বিকভাবে ঈদ ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!