সোমবার সম সাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
.png)
তিনি বলেন, একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে।
তিনি জানান, বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।
ব্রিফিংয়ে সৌদি বাদশা এবং যুবরাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানানোর চিঠি সৌদি রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে বলেও জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
এছাড়া উপদেষ্টা আদিলুর রহমান খানকে গণভবন জাদুঘর দ্রুত ভিত্তিতে বাস্তবায়নে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।