দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকাতেও মৃদু তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা। ঈদের দিনও (বৃহস্পতিবার) এ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ঈদের পরদিন থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
.png)
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বুধবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের দিন বৃহস্পতিবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।