ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ১৫ আগস্ট ২০২৩
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

সারাদেশে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে বৃষ্টির প্রবণতা আগামী দুইদিনে আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

Advertisement

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুইদিনে চলমান বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!