ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি কমলেও তাপমাত্রা নিয়ে থাকছে নতুন দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ১৫ আগস্ট ২০২৩
বৃষ্টি কমলেও তাপমাত্রা নিয়ে থাকছে নতুন দুঃসংবাদ
ফাইল ফটো

রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই সোমবার কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টির এ প্রবণতা মঙ্গলবার কমে যেতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

এদিকে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ রোদময়, তবে সঙ্গে মেঘও রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!