ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে আরো বাড়ল ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ৩০ মে ২০২৩
দেশে আরো বাড়ল ডেঙ্গু আক্রান্ত
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৮৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন ৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ২৯৬ জন এবং ঢাকার বাইরে ৬৩১ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী এক হাজার ৬৬৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৮৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!