ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুদানে থাকা বাংলাদেশিরা জেদ্দা পৌঁছাবেন ৩ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৯ এপ্রিল ২০২৩
সুদানে থাকা বাংলাদেশিরা জেদ্দা পৌঁছাবেন ৩ মে
ছবি: সংগৃহীত

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর (র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষে চারশোর বেশি মানুষ নিহত হয়েছে। দুই সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

সুদানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান এবং পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় ফিরিয়ে আনা হবে। জেদ্দা থেকে এসব বাংলাদেশিকে ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে। জানা গেছে, আগামী ৩ মে জেদ্দায় পৌঁছাতে পারেন সুদানে থাকা বাংলাদেশিরা।

সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এরই মধ্যেই খার্তুম ও আশপাশের শহর থেকে বাংলাদেশিদের পোর্ট সুদানে পরিবহনের জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা থেকে একটি টিম দূতাবাসকে সহায়তার জন্য রোববার সুদান পৌঁছাবে। আশা করা হচ্ছে, ২ মে-এর মধ্যে সব বাংলাদেশিকে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে। সেখান থেকে তাদের পোর্ট জেদ্দায় পরিবহনের জন্য নৌবাহিনীর জাহাজ দেবে সৌদি সরকার।

Advertisement

সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। আশা করা হচ্ছে, ৩ বা ৪ মে বাংলাদেশিরা জেদ্দা পৌঁছে যাবেন। 

জেদ্দার দুটি বাংলাদেশ স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ওষধ ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। পোর্ট সুদানেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খাদ্য, পানীয়, ওষধ এবং বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

সুদান প্রবাসীদের নিরাপদে ও কম সময়ে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!