ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাংলাদেশিসহ ৫২ জনকে সুদান থেকে উদ্ধার করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮, ২৯ এপ্রিল ২০২৩
বাংলাদেশিসহ ৫২ জনকে সুদান থেকে উদ্ধার করলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। বাংলাদেশ ছাড়াও আরো ১০ দেশের নাগরিকদের নিরাপদে সৌদিতে নিয়ে গেছেন তারা।

শুক্রবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আজ সুদান থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন। যার মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ঘানা, লেবানন, যুক্তরাষ্ট্র, নাইজার, বাংলাদেশ, লিবিয়া, কানাডা এবং গিনির ৫২ জন নাগরিক রয়েছেন। তাদের আল জুবাইল জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরব সুদান থেকে ২ হাজার ৭৯৬ জন মানুষকে উদ্ধার করেছে। এরমধ্যে সৌদির নাগরিক রয়েছেন ১১৯ জন। বাকি ২ হাজার ৬৭৭ জন ৭৮টি ভিন্ন দেশের নাগরিক।

গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। এছাড়া আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!