সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার হজযাত্রী, আরো একজনের মৃত্যু
দেশে হজ ফ্লাইট শুরুর পর রোববার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি। আর রোববার মক্কায় আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন।
সবশেষ মারা যাওয়া হাজীর নাম মো. খয়বর হোসেন (৫৫)। তার বাড়ি রংপুরে। খয়বর হোসেনের পাসপোর্ট নম্বর- EF0156162।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন সৌদি গেছেন।
১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।
আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।