ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:৪৪, ১০ এপ্রিল ২০২২
দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস
ফাইল ফটো

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস রয়েছে। গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবের কারণে এ বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিস এমন পূর্বাভাস জানিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, গভীর সঞ্চালনশীল মেঘের প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার) থেকে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে । এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার) থেকে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।

মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে- ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে- ৫৮ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!