ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:২৯, ১৬ মার্চ ২০২২
অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন
ফাইল ফটো

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছে ভারত। বাংলাদেশ রেলওয়ের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী ঐ তারিখ থেকে ট্রেনে যাত্রী পরিবহন করবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার এ তথ্য জানান।

শাহাদাত আলী সরদার জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সমস্যা দেখা না দিলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে।

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস প্রায় ২৫ মাস ধরে বন্ধ রয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিলে উভয় দেশে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। অপরদিকে বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ৯ নভেম্বর। এর পাশাপাশি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু ছিল। তবে করোনার কারণে ট্রেনটিতে এখন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন করা হয়নি।

খুলনা-কলকাতা রেলপথের দূরত্ব ১৭২ কিলোমিটার এবং এ রুটের যাত্রীপ্রতি ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট দুই হাজার পাঁচ টাকা ও এসি চেয়ার এক হাজার ৫০৫ টাকা। আর ঢাকা-কলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার এবং এ রুটের যাত্রীপ্রতি ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট তিন হাজার ৫০৫ টাকা ও এসি চেয়ার দুই হাজার ৫০৫ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!