ভারত থেকে দেশে ফিরলেন পাচার হওয়া ২১ নারী-শিশু
ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছেন ২১ শিশু, কিশোর, কিশোরী। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তারা বাংলাদেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে অবৈধভাবে ও ভুলক্রমে ভারতে প্রবেশকালে আটকাধীন বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসকল বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু সাপেক্ষে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুন: ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরল একই পরিবারের ৩ জন
হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সেহেলি শাবরিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ইমিগ্রেশন ওসি মো. রাজু।
আরো পড়ুন: সৌদিতে অর্থপাচার মামলায় ৬ জনের ৩১ বছরের কারাদণ্ড
এছাড়াও বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ ও ভারতের বিভিন্ন সরকারী সংস্থা, বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।