ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্যান্টের ভেতর ৪ কোটি টাকার সোনা, পাচার হচ্ছিল ভারতে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ১১ ডিসেম্বর ২০২১
প্যান্টের ভেতর ৪ কোটি টাকার সোনা, পাচার হচ্ছিল ভারতে
সোনার বারসহ আটককৃত দুই ব্যক্তি

যশোরে মোটরসাইকেল আরোহী দুই যুবকের কোমর থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক দাম ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। সোনার বারগুলো বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল তারা।

শুক্রবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে ওই দুই যুবককে আটক ও সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার শরণখোলা গ্রামের খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও পুরিলিয়া গ্রামের হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ জানান, সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় রাস্তার ওপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীর দেহ তল্লাশি করা হয়। ঐ সময় তাদের প্যান্টের ভেতরে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। 

তিনি আরো জানান, আটককৃতরা যশোরের দড়াটানা থেকে সোনার বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। উদ্ধারকৃত সোনার বার এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!