ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে, তবুও হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪, ৮ ডিসেম্বর ২০২১
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে, তবুও হতে পারে বৃষ্টি
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব এরই মধ্যে কেটে গেছে। তবু টানা কয়েকদিনের বৃষ্টিপাতে একেবারেই ছেদ পড়ছে না। দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টার বা তিন দিনের শেষের দিকে দেশের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরে আরো দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!