আপেল পাইয়ের সঙ্গে জমবে বড়দিন
বড়দিন মানেই আলোকসজ্জা আর কেক ও বাহারি মিষ্টান্ন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন।
বিশ্বব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দ আয়োজন এবং খানা-পিনার মাধ্যমে এই দিনটিকে পালন করেন। এই দিনটিতে ছোটদের মাঝে চকলেট, কেক, এবং খেলনা উপহার দেয়া হয়।
বড়দিনের স্পেশাল খাবার
বড়দিনের স্পেশাল খাবারের মধ্যে কেক অবধারিত। নানা রকম আর নানান ফ্লেভারের কেক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ক্রিসমাস ক্যান্ডেল কেক, ক্রিসমাসট্রি কেক, স্যান্টাক্লজ কেক, নাট বিস্কুট, ক্রিসমাস ট্রি অ্যান্ড বেল বিস্কুট, স্নোবল, ফ্রুটকেক, বাটারক্রিম, মার্বেল কেক, টিরামিসু কেক, ডার্ক চকলেট কেক, স্ট্রবেরি মুজ কেক, ওয়ালনাট কেক, কেরামেল ও হেডেলেনাট জাতীয় কেক, লগ কেক, বাস্কেট কেক, ফলের পাই, ক্রিসমাস লগ কেক, সেমাই, ফিরনীসহ থাকে নানা রকম পিঠা।
বাঙালি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে কিছু দেশীয় খাবারেরও প্রচলন দেখা যায়। পোলাও কোর্মা সহ থাকে নানা রকম দেশি খাবার। প্রায় প্রত্যেকটি গির্জায় সবাই মিলে ভোজের আয়োজন করে থাকে।
মজাদার ‘আপেল পাই’
আপনিও চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন বড়দিনের ডেজার্ট। এবার তবে জেনে নিন বড়দিনের স্পেশাল ডেজার্ট ‘আপেল পাই’। ডেজার্ট হিসেবে পাই এর তুলনা নেই। অন্য যেকোনো ডেজার্টের চাইতে পাই তৈরি করা অনেক সহজ। তাই আপনি যদি কয়েক পদের ডেজার্ট রাখতে চান তাহলে একটি আপেল পাই রাখতে পারেন।
উপকরণ: ময়দা দেড় কাপ, কোকো পাউডার ৪ টেবিল চামচ, আইসিং সুগার এক কাপের চার ভাগের তিন ভাগ, ডিমের কুসুম ৪টি, মাখন ১০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ।
প্রণালী: ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন, আইসিং সুগার ও ডিমের কুসুম একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে মথে ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে খামির বের করে খামির বেলে পাই মোল্ডে রেখে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে।
কুকিং চকলেট গলিয়ে ফলের কুচি মিশিয়ে পাইয়ের ওপর ঢেলে দিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে ভ্যানিলা দিয়ে বিস্কুটের গুঁড়া, আইসিং সুগার, কোকো পাউডার ভাঁজে মিলিয়ে পাইয়ের ওপর ঢেলে দিয়ে ১৬০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে। আপেল ও আঙুর দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।