মাস্ক পরে টেনিসের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নতুন নীতিমালা অনুযায়ী জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেলো একটি প্রদর্শনী টেনিস ম্যাচ। সেখানে মাস্ক পরে হ্যান্ডশেক ছাড়া নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ম্যাচে অংশ নেন খেলোয়াড়রা।
দুই দিন আগে নতুন গাইডলাইন দিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। যেখানে করোনা-পরবর্তী সময়ে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য বিভিন্ন নিয়ম-কানুন ঘোষণা করা হয়েছে।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে করোনার প্রকোপ বেশ কিছুটা কম। আর সেদিক বিবেচনা করলে তাদের এমন ম্যাচ খেলা স্বাভাবিক বলেই মত সবার।
রোববার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজারেরও বেশি। মারা গেছেন সাড়ে ছয় হাজারের মতো। এতে স্পষ্ট, দেশটিতে করোনাভাইরাস মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যে কারণে ক্রীড়াঙ্গনও আস্তে আস্তে খুলে দেয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় টেনিসে ওয়ার্মআপ ম্যাচটি আয়োজন করা হয়। সেখানে ছিলো না কোনো অফিসিয়াল, দর্শক বা বলবয়। মাস্ক পরে কোর্টে নামেন খেলোয়াড়রা। এরপর করোনার ঝুঁকি এড়াতে ধাপে ধাপে নানা কৌশল ব্যবহার করা হয়।