ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

কোন পোশাকের যত্ন কীভাবে নিতে হবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩১ আগস্ট ২০২৪
কোন পোশাকের যত্ন কীভাবে নিতে হবে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

সুতি কাপড়ের যত্ন যেভাবে নেবেন, ঠিক সেভাবে কিন্তু সিল্কের যত্ন নিলে চলবে না। সুতি, লিনেন, পলিয়েস্টার, সিল্ক বা উল- বিভিন্ন পোশাকের যত্নের রয়েছে আলাদা আলাদা নিয়ম। প্রায় সময় দেখা যায় আমাদের অনেক পছন্দের কাপড়গুলোর রং কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। তা হতে পারে বিভিন্ন কারণে। এই সমস্যার সমাধান কি হতে পারে? চলুন জেনে নেই।

সুতির পোশাক

বিভিন্ন রঙের সুতির পোশাক একসঙ্গে কাচবেন না, তাতে গাঢ় রঙের জামাটি থেকে রং উঠে হালকা রংটিকে নষ্ট করবে। সুতির পোশাক আবার কাচলে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময়ে ঠান্ডা পানিতে কাচাই ভালো। পোশাকে কোথাও দাগ লেগে থাকলে, আগে সেটা তুলে নিন। দাগের উপর স্টেন রিমুভার লাগিয়ে একটি টুথব্রাশ দিয়ে ঘষে তুলুন। তারপর জামাটি হালকা ডিটারজেন্টে মিনিট পনেরো মতো ভিজিয়ে, কেচে নিন। ইস্ত্রি করার আগে জামাতে পানির ছিটে দিয়ে নেবেন। অনেকদিন ব্যবহার না করে রেখে দিলে কাপড়ের ভাঁজে ভাঁজে পোকা হয়। তাই আলমারিতে নিমপাতা রাখুন।

Advertisement

উলের পোশাকের যত্ন

হালকা তরল সাবানে উলের জামাকাপড় ধুতে হবে। শীতের পোশাক রাখার জায়গায় কখনই সূর্যের আলো ঢোকা চলবে না। পরিচ্ছন্ন, শীতল ওয়ার্ডরোবে শীতের পোশাক গুছিয়ে রাখতে হবে। তাতে পোশাকের আয়ু বাড়বে। উলের পোশাক ড্রাই ওয়াশ করিয়ে নেয়াই ভালো। আলমারিতে তোলার সময় কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে দিতে পারেন। এতে কটু গন্ধ হবে না। এক একটি পোশাকের মাঝে টিস্যু পেপার দিয়ে দিন। তাহলে দীর্ঘদিন পোশাক ভালো থাকবে।

পলিয়েস্টারের পোশাক 

বেশিরভাগ পলিয়েস্টারের পোশাকই গরম পানি দিয়ে কাচা যায়। প্রয়োজনে ক্লোরিন ব্লিচ ব্যবহার করতে পারেন। ইস্ত্রি করতে হলে সবসময়ই কম তাপমাত্রায় করতে হবে, কারণ খুব গরম ইস্ত্রি লাগলেই পলিয়েস্টার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

সিল্কের যত্ন

সিল্কের পোশাক হাতে কাচাই ভালো। অথবা ‘ড্রাই ক্লিন’ করে নেবেন। রঙিন সিল্কের পোশাক থেকে অনেকসময় রং উঠতে পারে। সেরকম পোশাক ‘ড্রাই ক্লিন’ করাই ভালো। কোনও সিল্কের শাড়ি আলমারিতে ঝুলিয়ে রাখবেন না। কোনও সুতির কাপড়ে কিংবা কাগজে মুড়ে, তারপরে আলমারিতে রাখুন শাড়িগুলি। সিল্কের শাড়ি আলমারিতে রাখার সময় ন্যাপথালিনের বল রাখতে পারেন। তার চেয়েও ভালো হয় যদি শুকনো নিমপাতা রাখতে পারেন। যেসব শাড়িতে জরির কাজ আছে, সেগুলি উল্টো করে ভাঁজ করুন। জরি ভালো থাকবে।

লিনেনের যত্ন

লিনেন কাচার আগে পোশাকের লেবেলে দেখে নিন ড্রাই ওয়াশ করতে বলা রয়েছে কি না। লিনেন কাচার সময় অন্য ফ্যাব্রিকের চেয়ে বেশি পানি শুষে নেয়। তাই সব লিনেনের পোশাক একসঙ্গে কাচবেন না। ইস্ত্রি করার সময় জামার ভিতর দিকটা বাইরে করে ইস্ত্রি করুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!