শীতের বিকেলে উপভোগ করুন ‘মিষ্টি কুমড়ার স্যুপ’
প্রতিদিনের খাদ্যতালিকায় অনেকেই মিষ্টি কুমড়া রাখেন। কারণ পুষ্টিকর এই সবজিটি অনেকেরই বেশ পছন্দের। এর তৈরি বিভিন্ন রেসিপি সহজেই সবার মন কেড়ে নেয়। কিন্তু অনেক সময়ই দেখা যায় পুরো মিষ্টি কুমড়াটা রান্না করা হয় না। অনেকটুকু বাকি রয়ে যায়। দেখা যায়, কুমড়ার বাকিটুকু নিয়ে কী করবেন, সেই বিড়ম্বনায় পড়েন অনেকেই। কারণ পরের কয়েকদিনের রান্নায় মিষ্টি কুমড়া থাকবে না। তাই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
এক্ষেত্রে শীত তাড়াতে কুমড়া দিয়ে বানানো স্যুপও হতে পারে আপনার বিশেষ সঙ্গী। ভাবছেন মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে স্যুপ তৈরি করবেন? চিন্তা ছেড়ে সমস্যার সমাধানে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-
আরো পড়ুন: মন ভালো রাখতে পাতে রাখুন ‘আচারি পনির’
উপকরণ: মিষ্টি কুমড়া ৫০০ গ্রাম, বিট লবণ আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, পানি ২ কাপ, লবণ প্রয়োজনমতো, নারকেল দুধ ২ কাপ, পেঁয়াজ ২টি, মাখন ৪ চা চামচ, লবঙ্গ ৪টি, আদা ২ টুকরো।
প্রণালী: প্রথমেই পানির নিচে রেখে কুমড়া ভালোভাবে ধুয়ে ফেলুন এবং খোসা ছাড়িয়ে নিন। তারপর পাতলা করে স্লাইস কেটে আলাদা করে রাখুন। আদা এবং পেঁয়াজ কুচিয়ে নিন। একটি নন-স্টিক প্যানে মাখন গরম করুন। মাখন গলে গেলে এতে লবঙ্গ যোগ করে ভেজে নিন। তারপরে কাটা পেঁয়াজ এবং আদা যোগ করুন। কয়েক মিনিটের জন্য ভাজুন।
প্যানে কুমড়া এবং লবণ দিন। কুমড়া নরম না হওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে, প্যানটি আঁচ থেকে সরান। এর পর মিক্সারে প্যানে থাকা সবকিছু দিয়ে ২ কাপ পানি দিন। পেস্টের মতো একটি মিশ্রণে পরিণত করুন গোটাটাই। এরপর পেস্টটিকে আবার প্যানে স্থানান্তর করুন এবং মাঝারি আঁচে সিদ্ধ হতে দিন। তারপর নারকেলের দুধ, জিরা গুঁড়া আর বিট লবণ দিয়ে স্যুপ ভালোভাবে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। উপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।