ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিকেলের নাস্তায় সুস্বাদু ফুলকপির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ২০ নভেম্বর ২০২১
বিকেলের নাস্তায় সুস্বাদু ফুলকপির পাকোড়া
ফুলকপির পাকোড়া। ছবি সংগৃহীত

আস্তে আস্তে কুয়াশার চাদর জড়িয়ে নতুন রূপে সাজছে প্রকৃতি। সঙ্গে হেমন্তের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনের। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এই সময়ে সবজির ভেতরে ফুলকপি অনেকের কাছেই বেশ পছন্দের। ফুলকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। তাই আজকের আয়োজনে রয়েছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ফুলকপির পাকোড়া তৈরির রেসিপিটি -

উপকরণ: ফুলকপি টুকরো এক বাটি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া কোয়ার্টার চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, পাপরিকার গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি দুই চা চামচ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, ধনিয়া পাতা কুচি দুই চা চামচ, চালের গুঁড়া এক টেবিল চামচ, বাসন আধা কাপ, তেল পরিমাণ মতো।

প্রণালী: ফুলকপি সিদ্ধ করে নিতে হবে। এজন্য হাড়িতে পর্যাপ্ত পানি ও স্বাদ মতো লবণ দিয়ে গরম করতে হবে। এবার গরম পানির মধ্যে ধুঁয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ফুলকপি ৮০ ভাগ সিদ্ধ হলেই তুলে নিন। এবার সিদ্ধ করা ফুলকপি বাটিতে নিয়ে এর মধ্যে হলুদ ও মরিচ গুঁড়া সহ সব উপকরণ একে একে দিয়ে সঙ্গে আধা কাপের মতো বেসন মাখিয়ে নিতে হবে। বেসন সবটুকু একবারে না দেয়াই ভালো। অল্প করে বেসন মাখিয়ে আবার দিয়ে দিতে হবে। এবার ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিতে প্যানে তেল গরম করে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হলে পাকোড়া তুলে একটি টিস্যু পেপারের উপর রাখুন। যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। এভাবে খুব সহজেই ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!