ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ফেলে দেয়া ফলের খোসায় চিংড়ি রাঁধুন ভিন্ন মজায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২০
ফেলে দেয়া ফলের খোসায় চিংড়ি রাঁধুন ভিন্ন মজায়
তরমুজের খোসা দিয়ে চিংড়ি

তরমুজ খেতে নিশ্চয়ই ভালোবাসেন? এতে আছে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টি-অক্সিড্যান্টস। পছন্দের এই ফলটির খোসা সবাই ফেলেই দেন। জানেন কি, তরমুজের সাদা অংশটি বেশ পুষ্টিকর এবং সুস্বাদু।

আপনি চাইলে এই ফলের খোসা দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন। তরমুজের খোসা ব্যবহার করে বিভিন্ন রকম নিরামিষ এবং আমিষ পদ তৈরি করা যায়। চিংড়ির সঙ্গে এই ফলের খোসা দিয়ে একটি চমৎকার পদ রান্না করা যায়। পুষ্টিবিদ সাগরিকা চক্রবর্তী জানালেন তেমনি স্বাস্থ্যকর ও মুখরোচক একটি রেসিপি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-  

উপকরণ: একটি মাঝারি আকারের তরমুজের খোসা টুকরো করে কাটা, ৩ কাপ আলু ডুমো ডুমো করে কাটা, ১ কাপ পেঁয়াজ মিহি কুচি, আধা কাপ টোমেটো কুচি, আধা কাপ ছোট চিংড়ি, সর্ষের তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ বা ৫ টি, রসুন বাটা ১০ কোয়া, আদা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।

আরো পড়ুন: সহজেই তৈরি করুন নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ

প্রণালী: চিংড়ি ধুয়ে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন ১৫ মিনিট। তরমুজের খোসার বাইরের সবুজ অংশটি ফেলে দিয়ে, সাদা অংশটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। অন্যান্য সবজিগুলোও কেটে নিন।   

এবার সর্ষের তেল গরম করে চিংড়িটা হালকা করে ভেজে তুলে রাখুন। আলু ভেজে নিন। এতে রসুন কুচি দিয়ে এক মিনিট নাড়ুন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবার টোমেটো কুচি দিয়ে ২ মিনিট রান্না করুন। এরপর আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়ার মিশ্রণ দিয়ে, তেল আলাদা না হওয়া পর্যন্ত ২ থেকে ৩ মিনিট ধরে নাড়ুন। তারপর তরমুজের খোসা দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট ধরে রান্না করুন। এখন ভাজা চিংড়িটা দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। গরমমশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো চিংড়ির বিশেষ পদ। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন মুখরোচক চিংড়ি।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!