ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সন্ত্রাসীর গুলিতে আইনজীবী নিহত, আসামি হিমেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সন্ত্রাসীর গুলিতে আইনজীবী নিহত, আসামি হিমেল কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গোলাগুলিতে আইনজীবী ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় গ্রেফতার মারুফ বিল্লাহ হিমেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুইদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বিএম রানা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রলপাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঘিরে ধরে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক। এ সময় দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অপরদিকে অফিস থেকে আরামবাগের বাসায় ফিরছিলেন আইনজীবী ভুবন চন্দ্র শীল। তেজগাঁওতে তিনি সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন।

ঘটনার আটদিন পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। ঐ ঘটনায় নিহতের স্ত্রী রত্না রানী শীল তেজগাঁও থানায় অজ্ঞাত মামলা করেন।

ভুবন চন্দ্র শীল আরামবাগের বাসায় একাই থাকতেন। একমাত্র মেয়ে ভূমিকাকে নিয়ে তার স্ত্রী রত্না থাকেন নোয়াখালীর মাইজদীতে। রত্না মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মেয়ে ভূমিকা চন্দ্র শীল সদ্য এসএসসি পাস করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!