অপহরণের পর হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
অপহরণের পর হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল ও সুজন।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী মখলেচ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্র মাহিনকে অপহরণ করেন আসামিরা। এরপর মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। কিন্তু মুক্তিপণ না দেওয়ায় ভুক্তভোগী মাহিনকে হত্যা করা হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ ভুক্তভোগীর পিতা মহিউদ্দিন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ এপ্রিল আসামি শহিদুল ও সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২১ সালের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালীন আট জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।