‘হাওয়া’র মামলা প্রত্যাহারের আবেদন, রায় ২৯ সেপ্টেম্বর
‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালতে মামলার বাদী বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা এ আবেদন করেন।
এ মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন খান সোমবার সকালে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৪৩ মোতাবেক মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, যেহেতু মামলাটি বন্যপ্রাণী আইন ২০১২ এর ৩৮(১), ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় বাদী মামলাটি দায়ের করেন, আসামি অত্র মামলা সম্পর্কে অবগত হয়ে হাওয়া সিনেমায় ব্যবহৃত বন্যপ্রাণী সম্পর্কে অবগত ছিল না এবং আসামি বন্যপ্রাণী ব্যবহার করলে যে অপরাধ জানতো না। আসামি নিজের ব্যবহৃত ব্যবহৃত প্যাডে বন্যপ্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশসহ নিষ্পত্তির জন্য আবেদন করে। এরপর মামলার বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ মামলাটি প্রত্যাহার করতে ইচ্ছুক।
এর আগে, গত ১৭ আগস্ট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে আলোচিত চলচ্চিত্র হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।