গর্ভের সন্তান নষ্ট ও ভুয়া কাবিনে বিয়ে: কারারক্ষীর বিরুদ্ধে মামলা
গর্ভের সন্তান নষ্ট ও ভুয়া কাবিননামা বানিয়ে বিবাহ করার অভিযোগে ফরিদপুর জেলার কারারক্ষী মো. ইয়াসির মিয়ার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবা নামের এক গৃহিণী বাদী হয়ে মামলা দুটি করেন।
এর আগে আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে কারারক্ষী আসামি ইয়াছিরের বাদী হাবিবার পরিচয় হয়। এরপর হাবিবার সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। তারপর ২০১৯ সালে ইয়াছির তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের জন্য উঠেপড়ে লাগে। পালিয়ে বিয়ে করার জন্য ইয়াসির সিদ্ধান্ত নেয়। কিন্তু হাবিবা পালিয়ে বিয়ে করবেন না বলে জানান। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আসামি ইয়াসির ভিডিও কল দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এরপর একই বছরের মার্চ মাসে ঢাকার আদালতে এসে দুজন বিয়ে করেন। তারপর দুজনে দাম্পত্য জীবন শুরু করেন। হাবিবার কাছে আসামি ইয়াসির যৌতুক হিসেবে সাড়ে চার লাখ টাকা দাবি করেন।
বাদী হাবিবা গর্ভবতী হলে প্রেগন্যান্সি পরীক্ষায় পজিটিভ আসে। তখন ইয়াসির খুশি না হয়ে বাচ্চা নষ্টের জন্য চাপ দিতে থাকে। পরে ইয়াসির শারীরিক নির্যাতন করে গর্ভের সন্তান নষ্ট করে ফেলেন। এ সময় আসামি ইয়াসিরের কাছে হাবিবা কাবিনের কাগজ চাইলে একটি নীল কাগজ দেন। এ সময় বিয়ের কথা জানতে চাইলে ইয়াছির তাকে বলেন, তোর সঙ্গে আমার বিয়ে হয়নি। আনন্দ ফূর্তির জন্য বিয়ের নাটক সাজিয়েছি।
এ বিষয়ে ভুক্তভোগী হাবিবা বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে ইয়াসির আমাকে ভিডিও কলে হুমকি দিয়ে বিয়ে করে। বিয়ের পর আমার থেকে যৌতুক দাবি করে। তখন বিয়ের কাবিননামা চাইলে, আমাকে ইয়াসির বিয়ের কথা অস্বীকার করে। এরপর আদালতে বিচারের জন্য মামলা করেছি। এখন আমি ন্যায় বিচার চাই।