গ্রিল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
রাজধানীর নিকুঞ্জে গৃহবধূ রফিকা রুমা ইতির মৃত্যুর ঘটনায় তার স্বামী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। যৌতুকের মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে নিয়ে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
বুধবার রাতে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই গৃহবধূর স্বজনরা থানায় যৌতুকের মামলা দায়ের করেছেন। এর পরেই জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করছেন, তিন-চার বছর আগে ইতির বিয়ে হয়। তার স্বামী জামাল গাজীপুরে সেন্টারফ্রুটসের কারখানায় চাকরি করেন। তাদের একটি ছেলে সন্তান আছে। শাশুড়ি সব সময় ইতিকে মানসিক নির্যাতন করতেন। এটা নিয়ে পারিবারিকভাবে একাধিকবার মীমাংসাও করা হয়। দোষ না থাকলেও সংসার টিকিয়ে রাখার জন্য ইতিকে স্বামীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। তারা ইতিকে হত্যা করে গ্রিলের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।
এদিকে, মামলার তদন্তের জন্য ইতির মরদেহ কবর থেকে তোলা হতে পারে। সেজন্য আদালতে আবেদন করবেন মামলার তদন্ত কর্মকর্তা।
গত ৯ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানায়, ইতি আত্মহত্যা করেছেন।