টিকটক ‘অপু ভাই’র জামিন
সড়কে পথচারীকে মারধরের মামলায় টিকটকার ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’র জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, ৪ আগস্ট তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩ আগস্ট অপুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম, মারপিট ও হুমকির অভিযোগে মামলা হয়। মামলাার পর অভিযোগ স্বীকার করেন অপু।
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাচল রোধ করে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।
মামলার এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমির উদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।