ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিশুকিশোর ]
চন্দনকৃষ্ণ পাল-এর ছড়া এবং প্রতিজবাব ছড়া

খাম্বা বাড়ি

চন্দনকৃষ্ণ পাল
প্রকাশিত: ১৭:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খাম্বা বাড়ি
খাম্বা যদি বানায় ঠিকাদার-- রডের সাথে বাঁশ দিবে ঠিক চলছে যা কারবার....

খাম্বার উপর বাড়ি হলে 
লাভের উপর লাভ
আপনি প্রথম বাড়িওলা 
অন্যরকম ভাব!
বাঁচবে জমি পাবেন হাওয়া 
দৃশ্য চমৎকার, 
হাতটা তুলুন তাড়াতাড়ি
ইচ্ছে আছে যার।
খাম্বা বাড়ির আইডিয়াটা 
কেমন হলো ভাই? 
ভালো কিংবা মন্দ হলো 
দুটোই জানতে চাই।

উপরের ছড়ার প্রতি উত্তরে আরো যারা ছড়া লিখেছেন-

Sitangshu Kar লিখেছেন-

বলতে হবে এই ভাবনায়
দারুণ চমক আছে,
এমন বাড়ি করা গেলে
কত্ত জমি বাঁচে!
বাড়িও হলো, ক্ষেতও র'লো
চাষ চলবে তাতে
গৃহকাজে হারিয়ে জমি
মরবে না কেউ ভাতে।
খাম্বা বেশি লাম্বা হলে
ভয়ের ব্যাপার বটে
ভূকম্পনে যেতে পারে
দুর্ঘটনা ঘটে।
ছোটোখাটো একতলা ঘর
হতে পারে কিনা
সিদ্ধান্ত যায় না নেওয়া
গবেষণা বিনা।
ছোট্ট এদেশ, মানুষ আছে
পঙ্গপালের মতো,
খাম্বার ওপর বাড়ি হলে
সত্যি দারুণ হতো।

Advertisement

Hossain Muh Delowar লিখেছেন-

ছড়া ও খাম্বা বাড়ি দুটোই চমৎকার,
আশা করি আমার কথায় আছে অমৎকার।

Aniruddha Bachchu লিখেছেন-

খাম্বাবাড়ি দেখতে লাগে বেশ--
উপর থেকে চোখ ঘুরালে
দারুণ পরিবেশ।
তারপরেও থাকছে কিছু ভয়--
হঠাৎ যদি উল্টে গিয়ে
অন্যকিছু হয়।
খাম্বা যদি বানায় ঠিকাদার--
রডের সাথে বাঁশ দিবে ঠিক
চলছে যা কারবার।
তার'চে ভালো বানাই বাঁশের মাচা--
দুমড়ে যদি যায় পরে সে
হয়তো যাবে বাঁচা।
ভেজাল দেখে হচ্ছে এত ভয়--
নাই প্রতিকার নাইতো বিচার
চোরের দেখি জয়।।
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!