ঈদের ও অন্যান্য বিষয় নিয়ে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন এম.আর রুবেল।
ঈদের ছুটি কেমন কাটছে-
মুশফিক আর ফারহান: টানা দেড় মাস ঈদের নাটক নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। ক্লান্ত শরীরকে বিশ্রাম দিতে ঈদের ছুটি কাটাচ্ছি বিছানায়। মূলত ঘুমিয়েই কেটেছে ঈদের দিন। তারপরও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছিলাম। এখনো বাসাতেই আছি।
.png)
ঈদের নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন?
মুশফিক আর ফারহান: এবারের ঈদে আটটি নাটকে কাজ করেছিলাম। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি ‘মাস্তান’, ‘নূর’ ও ‘ফিদা’ তিনটি নাটক থেকে। প্রতিটি নাটকের গল্প ও চরিত্র ভিন্ন। আমি বরাবরই গতানুগতিকের বাইরে কাজ করার চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিটি নাটকে নিজেকে অন্যরকমভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।
দর্শক প্রতিক্রিয়াকে কীভাবে মূল্যায়ন করেন-
মুশফিক আর ফারহান: অভিনয় করি দর্শকদের জন্য। তারাই মূল শক্তি। দর্শকদের ভালো লাগা-ভালোবাসা যখন প্রকাশ হয়, এটি অনেক বড় প্রাপ্তি। দর্শকদের ভালোবাসা কাজের প্রেরণা জোগায়। আলোচনার পাশাপাশি সমালোচনাও হতে পারে। তবে সমালোচনা যুক্তিসংগত হলে অবশ্যই শিক্ষণীয়।
ঈদে পাঁচ শতাধিক নাটক প্রচার হয়েছে এবার। এ নিয়ে আপনার মন্তব্য...
মুশফিক আর ফারহান: এক ঈদে এত নাটক প্রচার হয় বলে আমার মনে হয় না। এত নাটকে কারা অভিনয় করেন তাও আমার বোধগম্য নয়। আমি আট নাটকে অভিনয় করেছি। জোভান, তৌসিফ, নিলয়, বাসারও খুব বেশি কাজ করেননি। আলোচিত অভিনেতারা গড়ে ১০-১৫টি কাজ করে থাকলেও নাটকের সংখ্যা পাঁচ-ছয়শত হয় না। তারপরও প্রতি ঈদে এত এত নাটক প্রচারের খবর রটে। আসলেই এই তথ্য সঠিক কি না ভেবে দেখা দরকার। তবে অনেক নাটকের ভিড়ে ভালো কাজগুলোই দর্শকরা গ্রহণ করেন। এবারের ঈদে কমেডি, সিরিয়াস, রোমান্টিক সব ধরনের গল্পই ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের পোস্টার প্রকাশ। বিষয়টি কীভাবে দেখেন?
মুশফিক আর ফারহান: প্রচারের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম গুরুত্ব বহন করে। সিনেমা মুক্তির আগে পোস্টার, টিজার-ট্রিলার, গান প্রকাশের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে। নাটকের ক্ষেত্রেও পোস্টার প্রকাশ করা হয়। এ ছাড়া তো নতুন নাটক সম্পর্কে দর্শকের জানার কোনো উপায় নেই। পোস্ট দিয়ে, শেয়ার করে নাটক প্রচারের বিষয়টি আমার কাছে ইতিবাচকই মনে হয়।
শুটিংয়ে কবে ফিরছেন?
মুশফিক আর ফারহান: ঈদ ঘিরেই কাজের ব্যস্ততা থাকে বেশি। নিজের মতো করে আরো কিছু দিন কাটাতে চাই। তারপর লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়ব।
দর্শকরা আপনাকে সিনেমায় দেখতে পাবেন কবে?
মুশফিক আর ফারহান: সিনেমার প্রস্তাব এলেও এখনই নিজেকে উপস্থাপন করছি না। আরো সময় নিচ্ছি। যখন সিনেমায় কাজ করব তখন সবাই জানতে পারবেন।