ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

ঈদ বিনোদন শেষ হয়ে গেলেও দর্শকের প্রশংসা ফুরায়নি: পারসা ইভানা

এম আর রুবেল
প্রকাশিত: ১৬:৩৭, ২৭ এপ্রিল ২০২৪
ঈদ বিনোদন শেষ হয়ে গেলেও দর্শকের প্রশংসা ফুরায়নি: পারসা ইভানা
পারসা ইভানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটক পাড়ার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। গেল ঈদে এই অভিনেত্রীর দুটি কাজ মুক্তি পেয়েছে। একটি ‘শেষমেশ’ অপরটি ‘সন্ধ্যা ৭ টা’। কাজের সংখ্যা দুই হলেও সাড়া পেয়েছেন অনেক, ছিলেন আলোচনায়ও। সমসাময়িক নানা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন এ পারসা ইভানা। আলাপচারিতায় ছিলেন এম আর রুবেল।

শুটিংয়ে ফিরেছেন কী?
পারসা ইভানা:
এখনও ফেরা হয়নি। আগামী সপ্তাহে একটি নাটকের শুটিং আছে। আশিকুর রহমানের পরিচালনায় এতে আমার সহ-শিল্পী হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। নাটকটির নাম চূড়ান্ত হয়নি। এর শুটিং শেষ করে ইমেল হকের পরিচালনায় একটি কাজ করার কথা রয়েছে। সম্ভবত এ নাটকেও আমার বিপরীতে অভিনয় করবেন পলাশ।

সময় কীভাবে কাটছে?
পারসা ইভানা:
কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। জ্বর এসেছে। বাসাতেই আছি। এমনিতেই আমি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না, তার মধ্যে প্রচণ্ড গরম চলছে।

Advertisement

পারসা ইভানা

ঈদে প্রচারিত নাটক থেকে কেমন সাড়া পেলেন?
পারসা ইভানা:
এবারের ঈদে আমার দুটি নাটক প্রচার হয়েছে। কাজল আরেফিন অমির ‘শেষমেশ’ ও জিয়াউল হক পলাশের পরিচালনায় ‘সন্ধ্যা ৭টা’। দুটি নাটক থেকেই ভালো সাড়া পেয়েছি। ঈদ বিনোদন শেষ হয়ে গেলেও দর্শকের প্রশংসা ফুরায়নি। এখনও সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমের পাশাপাশি সরাসরিও প্রশংসা আসছে। বাসা থেকে বের হলে অনেকেই কাছে এসে প্রতিক্রিয়া প্রকাশ করেন। সেদিন যমুনা শপিং মলে এক মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেন। ঈদের নাটকের প্রশংসা করলেন। ঈদের দুই দিন পর ফ্যান্টাসি কিংডম আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা আমাকে ঘিরে ধরেন। এসব ভাবতে সত্যিই খুব ভালো লাগে। আমরা শুধু অর্থের জন্য অভিনয় করি না। দর্শকের ভালোবাসার জন্য কাজ করি। দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। এর আগে অভিনয়ের প্রশংসা পেলেও ‘শেষমেশ’ দিয়ে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। 

নাটকটিতে অভিনয়ের সময় এতো প্রাপ্তি আশা করেছিলেন?
পারসা ইভানা:
প্রতিটি কাজ নিয়েই একজন শিল্পী ভালো কিছু আশা করেন। তবে প্রত্যাশার চেয়েও বেশি প্রাপ্তি জুটেছে ‘শেষমেশ’ নাটকে। নাটকের চিত্রনাট্য হাতে পেয়ে কেঁদেছিলাম। কারণ এর কিছুদিন আগে আমার নানু ব্রেইন স্ট্রোকে মারা যান। অভিনয়ের সময়ও আবেগ ধরে রাখতে পারিনি। কান্না করেছিলাম। শুটিংয়ের সময় অনেকেই কেঁদেছেন। নাটকটি দর্শদেরও কাঁদিয়েছে।

পারসা ইভানা

ইদানীং পলাশের সঙ্গে বেশি দেখা যায়... 
পারসা ইভানা:
অমি ভাইয়ের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আমাদের একসঙ্গে কাজ শুরু হয়েছিল। এ নাটকে দর্শকরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করেন। তাদের চাহিদার কারণেই একসঙ্গে বারবার দেখা যাচ্ছে আমাদের। অমি অনেকটা ঝুঁকি নিয়েই পলাশ-পারসা ইভানা জুটি গড়ে তোলেন। এখন সেই জুটি দর্শকের জনপ্রিয়তায় পেয়েছে।

নৃত্য দিয়ে শুরু হলেও আপনাকে এ মাধ্যমে দেখা যায় না...
পারসা ইভানা:
অভিনয়ের কারণে মাঝে কিছু দিন নাচে সময় দিতে না পারলেও এখন দুটোই সমান তালে করছি। এখন তো আসলে নাচের তেমন কোনো প্রোগ্রাম হয় না। ঈদে বিটিভি প্রযোজিত একটি নাচের অনুষ্ঠানের প্রস্তাব এলেও ‘শেষমেশ’ নাটকের জন্য করতে পারিনি। আর হিন্দি গানের সঙ্গে নিজেকে উপস্থাপন করা সম্ভব নয় বলেই আমি সব ধরনের করপোরেট প্রোগ্রাম করি না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!