ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে হামাসের ট্রাক হামলায় নিহত ১, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ২৭ অক্টোবর ২০২৪
ইসরায়েলে হামাসের ট্রাক হামলায় নিহত ১, আহত ৩২
ফাইল ফটো

ইসরায়েলের মধ্যাঞ্চলে বাস স্টপে অপেক্ষমাণ লোকজনের ওপর ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩২ জন । পরে ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। চিকিৎসা সংস্থা ও পুলিশ এ তথ্য জানিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঘটা এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)।

সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাকের আঘাতের ঘটনাটি তেল আবিবের কাছে রামাত হাশারোন শহরে আহরন ইয়ারিভ বুলেভার্ডে ঘটে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ট্রাকটি একটি বাসকে আঘাত করে। বাসটি ওই সময় স্টপে যাত্রীদের নামাচ্ছিল।

জরুরি সেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বিবৃতি অনুযায়ী, আহত ৩২ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

এদিকে বাসের আঘাতের ঘটনাটি হামলা কি না, সে সম্পর্কে পুলিশ কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তবে তারা জানিয়েছে, ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ট্রাকচালককে গুলি করে ‘হত্যা’ করেছে।

ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সদস্যরা এলাকাটি সিল করে রাখে এবং মেডিকরা আহতদের সাহায্য করে। ঘটনাস্থলের ওপর একটি হেলিকপ্টারও ওড়ানো হয়। প্যারামেডিক এলিয়র যোশেফ জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি আটজনকে ট্রাকের নিচে আটকে থাকতে দেখেন। এ ছাড়া ‘কিছু আহত ব্যক্তি ট্রাকের কাছে শুয়ে ছিলেন বা হাঁটছিলেন।’

অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘মোসাদ সদর দপ্তরের কাছে’ পরিচালিত ‘বীরত্বপূর্ণ ট্রাক হামলাটি’ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ইহুদিবাদী দখলদার বাহিনীর’ অপরাধের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে।

এছাড়া এক পৃথক ঘটনায় জেরুজালেমের কাছে হিজমা অঞ্চলে ছুরিকাঘাতের চেষ্টা করলে এক ব্যক্তিকে সেনারা হত্যা করে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন সন্ত্রাসী তার গাড়ি নিয়ে আইডিএফ সেনাদের দিকে তেড়ে আসে, যারা হিজমা এলাকার পাশে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালাচ্ছিল। সন্ত্রাসী তার গাড়ি থেকে একটি ছুরি বের করে ছুরিকাঘাতের চেষ্টা চালায়। সেনারা তাকে হত্যা করে এবং সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে।’ এ ঘটনায় কোনো সেনা সদস্য আহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েলি তথ্য অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত এ ধরনের হামলায় ইসরায়েলে অন্তত ৩০ জন নিহত হয়েছে, যার মধ্যে ইসরায়েলি সেনারাও রয়েছে।

রবিবারের ঘটনাগুলো ইসরায়েল তার হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী ৭ অক্টোবর হামাসের হামলার বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সময় ঘটে। ওই হামলার পরই গাজা ও লেবাননে চলমান যুদ্ধের সূত্রপাত হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!