ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের ব্যর্থ গাজা যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ২৬ আগস্ট ২০২৪
ফের ব্যর্থ গাজা যুদ্ধবিরতি আলোচনা
ফাইল ফটো

ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময় নিয়ে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে শিগগির একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র জোর চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এদিকে মিসরীয় দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় কায়রোতে যে আলোচনা চলছিল, তা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। হামাস বা ইসরায়েল কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় এই আলোচনা ভেস্তে গেছে। তারা সন্দেহ প্রকাশ করেছে, হয়তো যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই আলোচনাকে ‘গঠনমূলক’ আখ্যা দিয়ে বলেন, একটি চূড়ান্ত ও বাস্তবায়নযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য তারা সব পক্ষের ইতিবাচক মনোভাব দেখতে পেয়েছেন। বাকি সমস্যা ও সেগুলোর বিশদ বিবরণ এবং সেগুলোর সমাধানের জন্য ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রক্রিয়াটি আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত থাকবে।

Advertisement

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতি আনতে এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের লক্ষ্য একটি চুক্তির জন্য পক্ষগুলো বেশ কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের জোর অংশগ্রহণের পরও এখন পর্যন্ত সব দফার আলোচনা ব্যর্থ হয়েছে।

কানাডার হ্যালিফ্যাক্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার একসঙ্গে কাজ করছে। ইসরায়েলের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নিচ্ছেন।

তবে আলোচনা চললেও কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মিশরের সূত্রগুলো জানায়, ফিলাডেলফি ও নেটজারিম করিডরে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে বিভিন্ন বিকল্প তুলে ধরা হলেও কোনো পক্ষই এতে একমত হতে পারেনি।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলের আপত্তির কারণে আলোচনা আটকে গেছে। হামাস দাবি করেছে, ইসরায়েল পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং করিডর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জত আল রশিদ বলেন, হামাস স্পষ্টভাবে জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কোনো সমঝোতায় রাজি হবে না। গতকাল হামাসের একটি প্রতিনিধিদল কায়রো ছেড়ে চলে গেছে, যা আলোচনা ব্যর্থতারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!