ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৯ বছর পর ওমরাহ করার সুযোগ পাচ্ছেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২২ এপ্রিল ২০২৪
৯ বছর পর ওমরাহ করার সুযোগ পাচ্ছেন ইরানিরা
ফাইল ছবি

দীর্ঘ নয় বছরের মধ্যে প্রথমবারের মতো ওমরাহ করতে সৌদি আরব গেছে ইরানিদের একটি দল।

সোমবার (২২ এপ্রিল) ৮৫ সদস্যের ওমরাহকারী দলটি সৌদি আরব পৌঁছায়। মূলত মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যকার সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যাত্রা।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে সৌদি আরব ইরানি হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তারপরও ইরানিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারছিলেন না। তেহরান জানিয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছিল না।

Advertisement

আট বছর আগে সৌদি আরবের শিয়া ধর্মগুরু নিমর বাকির আল-নিমরকে শিরশ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয়।

সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে ইরানিরা কেবল হজ পালন করতে পারতেন। তবে ওমরাহ পালন করতে পারতেন না। আজ সোমবার সকালে তেহরানের প্রধান বিমানবন্দর খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৫ জন ওমরাহ যাত্রীকে বিদায় জানান ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!