ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গোলাগুলির ঘটনায় আহত ৩, গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ১১ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গোলাগুলির ঘটনায় আহত ৩, গ্রেফতার ৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি আউটডোর ইভেন্টে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। ওয়েস্ট ফিলাডোলফিয়ার ওই এলাকাটিতে প্রায় এক হাজার মানুষ ঈদ উদযাপনের জন্য সমাবেত হয়েছিলেন।

Advertisement

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের কমিশনার কেভিন জে বেথেল বলেন, ঈদুল ফিতর উদযাপনের কাছাকাছি এলাকায় তরুণরা সক্রিয়ভাবে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। তবে এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, খোলা আকাশের নিচে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার লোক উপস্থিত ছিল। সেখানে দুই দলের মধ্যে গোলাগুলি হয়। এতে এক প্রাপ্তবয়স্ক আহত হন এবং ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনের পায়ে ও কাঁধে গুলি করে পুলিশ।

তিনি জানান, গুলিবিদ্ধ কিশোরের অবস্থা স্থিতিশীল। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া অপর এক ব্যক্তি হাতে গুলির আঘাত নিয়ে কাছাকাছি হাসপাতালে গেছেন। এ ছাড়া এক শিশু পথচারী ঘটনাস্থল থেকে পালানোর সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কর্তৃপক্ষ পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এগুলো বন্দুকযুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, যেসব কর্মকর্তারা পার্কিংয়ে টিকিট বিক্রি করছিলেন তারা সেখানে দুপুর আড়াইটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান। এ সময় সেখানে ৩০টির বেশি গুলি ছোড়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি গিরার্ড মিট মার্কেটের এক কর্মচারী ফক্স নিউজের এক সহযোগী প্রতিষ্ঠানকে বলেন, তিনি গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে ২০ থেকে ৩০টির মতো শিশু আশ্রয় নিতে তার দোকানে ছুটে আসে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!