ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ৩ মার্চ ২০২৪
সৌদি আরবে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার
ফাইল ফটো

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চলছে। গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২২ জানুয়ারি থেকে এক সপ্তাহের অভিযানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

Advertisement

মন্ত্রণালয় আরো জানিয়েছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯ হাজার ৮০ জন, সীমান্ত নিরাপত্তা আইনের তিন হাজার ৮৮ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে প্রবেশের দায়ে ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরো ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে গ্রেফতারকৃত ৫৭ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাদের প্রত্যাবাসনের চেষ্টাও চলছে। অভিযান চলাকালে আবাসন, সীমান্ত এবং কাজের বিধিবিধান লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত থাকার দায়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

৫২ হাজার ৪০১ জনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১০ হাজার ২৫৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আরো এক হাজার ৭৬৩ জনকে ফেরত পাঠাতে নথিপত্র চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!